নেছারাবাদ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ০৮:৫১ এএম
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মোসা. নুসরাত জাহান (২০) নামে এক গৃহবধূ। ইন্দেরহাট বন্দরের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সফলভাবে প্রসব করান চিকিৎসক ডা. প্রতীষ বিশ্বাস। মা ও তিন নবজাতক বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
নুসরাত জাহান উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের দিনমজুর শরিফুল ইসলাম উজ্জ্বলের স্ত্রী। নবদম্পতির ঘরে প্রথম সন্তান হিসেবেই একসঙ্গে তিন কন্যার আগমন ঘটেছে।
এতে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও চিকিৎসা ও পরিচর্যার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পেটে ব্যথা নিয়ে নুসরাত হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যার দিকে অপারেশনের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়।
নুসরাতের শ্বশুর মোজাম্মেল মিয়া জানান, একসঙ্গে তিন নাতনির জন্মে তারা খুব খুশি। তবে দিনমজুর পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, শিশুদের জন্মের পর একজন শিশু বিশেষজ্ঞ দেখানো হয়, যার জন্য দেড় হাজার টাকা ফি দিতে হয়েছে।
নুসরাতের স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, আল্লাহর রহমতে মা ও শিশুরা কিছুটা সুস্থ আছে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান হলেও হঠাৎ খরচ বেড়ে যাওয়ায় কিছুটা উদ্বেগে রয়েছেন।
এ বিষয়ে চিকিৎসক ডা. তানভীর আহমেদ বলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম একটি বিরল ঘটনা। বর্তমানে মা ও নবজাতকদের অবস্থা স্থিতিশীল রয়েছে।