শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২২:৪১ পিএম
সুন্দরবন । ছবি: বাসস
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় ৪ জন এখন নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার করা হয়েছে ৪ জন মৌয়ালকে।
গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, তারা বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণ করা সময়ে মৌয়ালদের বহনকারী একটি নৌকা রায়মঙ্গল নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে পরের দিন মঙ্গলবার সন্ধ্যার দিকে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদেরকে উদ্ধার করেন বনরক্ষীরা।
এ সময় হুলদিবুনিয়া এলাকা থেকে ৪ জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে লোকালয়ে নিয়ে আসা হচ্ছে।
অন্যদিকে, এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন মৌয়াল। তারা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। গত সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তাছাড়া বনবিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোষ্ট গার্ড ও বিজিবি কে জানানো হয়েছে।