বগুড়া অফিস
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৫:১২ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ১৭:১৫ পিএম
বগুড়া-৬ উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল কম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ২৯ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে সাতটা থেকে বেলা ২টা পর্যন্ত এই আড়াই ঘন্টায় ১৫০টি কেন্দ্রে ২৯ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
সকাল সাড়ে সাতটা থেকে সকাল ১০টা পর্যন্ত এই আড়াই ঘন্টায় ১৫০টি কেন্দ্রে ৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়ে। বেলা ১২টা পর্যন্ত ভোট পড়ে ১৭ দশমিক ৫৩ শতাংশ।
এই আসনে লড়ছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
জেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ, প্রায় ২ হাজার আনসার, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াড।
মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।