লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১১:২৭ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ১১:২৮ এএম
ঢাকার মোহাম্মদপুর থেকে মঙ্গলবার সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত
লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে নাশকতা ও খুনসহ একাধিক মামলার পলাতক আসামি সফুরা বেগম রুমীকে আটক করা হয়।
সফুরা বেগম লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুন, নাশকতা, প্রতারণা এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের কোতোয়ালী থানায় দায়ের হওয়া হত্যা মামলা, লালমনিরহাট সদর থানার একাধিক মামলা এবং ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলাও রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ত্যাগ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা।