লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৭:৫৫ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ১৮:৩২ পিএম
বিএসএফের গুলিতে নিহত মো. আলী হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মো. আলী হোসেন (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
উপজেলার ধবলগুড়িতে বুধবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি পানিয়ারটারী এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
লালমনিরহাট তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়নের ধরলা ও ধবলগুড়ি বিওপি কমান্ডাররা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তের মেইন পিলার ৮৭৪-এর নিকটবর্তী ২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার অন্তর্গত সাতগ্রাম এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের টহল দল গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। এ সময় অন্তত ১৩ জন বাংলাদেশি চোরাকারবারী ১১টি গরু নিয়ে পালিয়ে আসে। অপরদিকে ভারতীয় চোরাকারবারীরাও ঘটনাস্থল ত্যাগ করে। বিএসএফ দুটি গরু এবং নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে একটি গরু উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং ঘটনার প্রতিবাদে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।
তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, “ঘটনার পর থেকেই আমরা এলাকায় অবস্থান করছি। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিস্তারিত তথ্য জানানো যাবে”।
এদিকে, ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বুধবার সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন সাতগ্রাম এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি স্পট মিটিং অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সৌরভ। বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, আইনি প্রক্রিয়া শেষে নিহত আলী হোসেনের মরদেহ সন্ধ্যার পর বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত সোমবার একই জেলার ধবলসূতী সীমান্তে বিএসএফের গুলিতে সাদাত হোসেন মিজান (২৩) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।