× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতি, প্রতিবাদে গণসমাবেশ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পিএম

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিকালে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিকালে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদর সড়কে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকালে এই কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে অতিবৃষ্টির পানিতে জেলার হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে কৃষকরা নিজ উদ্যোগে পাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির আহ্বায়ক শাহ কুতুবের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সদস্যসচিব শাকিন শাহ।

এছাড়াও বক্তব্য দেন সাতারিয়া পাতারিয়া হাওরের কৃষক মুজিবুর রহমান, টগার হাওরের কৃষক ধন মিয়া, সইলচাপা হাওরের কৃষক উজ্জ্বল মিয়া, বাঘরার হাওরের কৃষক মো. আল আমিন প্রমুখ। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ ও সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।

ভুক্তভোগী কৃষকরা জানান, সাতারিয়া পাতারিয়া, টগার হাওর, সইলচাপা, বাঘরা ও চিসরার হাওরসহ বিভিন্ন এলাকার ফসলি জমি এখন পানির নিচে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

তারা অভিযোগ করে বলেন, ‘পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন থেকে শুরু করে কাজের প্রতিটি পর্যায়ে অনিয়ম হয়েছে। নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার কারণে আজ কৃষকদের কপাল পুড়ছে।’

বক্তারা আরও বলেন, ‘অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’

সমাবেশে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানান। পাশাপাশি খাল-নদী খনন দ্রুত শুরু, প্রয়োজনীয় স্থানে সুইচগেট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা