ইউএনওর অডিও ক্লিপ ভাইরাল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ০০:২৬ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ০০:২৭ এএম
ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ। ফাইল ছবি
ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদকে (পরিচিতি নম্বর- ১৬০৫৩) বর্তমান পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। ওই অডিওতে ইউএনও হোসনে আরাকে স্থানীয় এক সাংবাদিকের সাথে কথা বলতে শোনা যায়।
সেখানে তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এবং বিভিন্ন বিধিবহির্ভূত আবদার না রাখায় তাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে। অডিওতে ইউএনও ডিসির বিরুদ্ধে দুর্নীতি, চারিত্রিক স্খলন এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তোলেন।
ইউএনও হোসনে আরা অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক তাকে টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন। তিনি (ডিসি) দুর্নীতির সাথে জড়িত এবং তার আচরণ অত্যন্ত আপত্তিকর। বিধিবহির্ভূত কাজ করতে রাজি না হওয়ায় অসুস্থ দুই সন্তানসহ আমাকে দ্রুত কর্মস্থল ত্যাগের নির্দেশ দিয়েছেন।
এক প্রজ্ঞাপনের মাধ্যমে রবিবার ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরার তালা থেকে রাজশাহীতে বদলি করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে এই নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।