অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৮:৫৭ পিএম
প্রতীকী ছবি
যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইকস্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে।তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্যার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তার বাবা ও বোনকে নিয়ে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে ইজিবাইকস্ট্যান্ডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা জানান, তার বড়ভাই ফারুক হোসেন একজন মানসিক প্রতিবন্ধী রোগী ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তবে দুঃখের বিষয় আমার ভাইকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মুমুর্ষ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইকস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”