নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৮:০৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬ ১৯:০৯ পিএম
শনিবার ‘বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল’ শীর্ষক সেমিনারের আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সিলেটে আয়োজিত এক সেমিনারে উঠে এসেছে এআই-নির্ভর ব্যবসা পরিচালনার নানা দিক।
নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত হোটেল নির্বাণ ইন এ শনিবার ‘বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্থ প্রতীম রায়। তিনি বলেন, “এআই প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোক্তারাও সীমিত মূলধন নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন”।
বিপণন কৌশল নির্ধারণ, গ্রাহক সেবার স্বয়ংক্রিয়তা এবং ব্যবসায়িক বিশ্লেষণে এআই এর কার্যকর ব্যবহার নিয়ে তিনি বাস্তবভিত্তিক ধারণা তুলে ধরেন।
তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে এআই হতে পারে একটি শক্তিশালী হাতিয়ার”।
অনুষ্ঠানে কো-স্পিকার হিসেবে বক্তব্য দেন কুমার নিটোল ও রুবাইয়া মেহজাবিন পলা। এছাড়া তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র তৃণমূল পর্যায়ে প্রযুক্তি বিস্তারে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে এবং সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাফিসা শবনমের সঞ্চালনায় আয়োজিত এ সেমিনারে অংশ নেন ৬৮ জন নারী উদ্যোক্তা।
বক্তারা জানান, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসার আধুনিকায়ন এখন আর বিলাসিতা নয়, বরং টিকে থাকার অন্যতম শর্ত। সেমিনারে অংশ নেওয়া উদ্যোক্তারা তাদের ব্যবসায় এআই প্রযুক্তি সংযুক্ত করার বিষয়ে আগ্রহ ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।