× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬ উপনির্বাচন কাল, বিজিবি মোতায়েন

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৬ পিএম

বগুড়া-৬ উপ-নির্বাচন ঘিরে চলছে বিজিবির অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ উপ-নির্বাচন ঘিরে চলছে বিজিবির অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় বিভিন্ন ধরনের যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৯ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া ৭ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১০ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ওষুধ, চিকিৎসাসামগ্রী ও সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনও চলাচল করতে পারবে।

দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।

জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনি এলাকায় থাকবে। বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে তারা টহল ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করবে। ভোটের আগে, ভোটের দিন ও পরবর্তী সময়- এই তিন পর্যায়েই তারা দায়িত্ব পালন করবে।

এই উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা