বেতাগী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১০:২৯ এএম
বরগুনার বেতাগী উপজেলার ‘ঝোপখালী পাখির চর’ হয়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার ‘ঝোপখালী পাখির চর’-এ গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। এ চর হতে পারে আগামীর আকর্ষণীয় পর্যটন স্পট। দক্ষিণ এ উপকূলের বিষখালী নদীর মোহনায় সর্বশেষ জেগে ওঠা দ্বীপচর ‘ঝোপখালী পাখির চর’। ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সমন্বয়ে গড়ে উঠেছে এখানকার জীববৈচিত্র্য। এখানে রয়েছে পাখিদের অভয়ারণ্য। চরের ভেতরে এঁকেবেঁকে বয়ে গেছে ছোট ছোট ৫-৭টি নালা। এসব নালায় রয়েছে নানা সুস্বাদু প্রজাতির মাছ।
সরেজমিন দেখা গেছে, জোয়ারের সময় চরটি পানিতে প্রায় পূর্ণ হয়ে যায়। এ সময় নৌকায় করে উপভোগ করা যায় এখানকার পাখির কলতান ও বিস্তৃত বনাঞ্চলের সবুজের সমারোহ। বিষখালী নদীর অব্যাহত ভাঙনে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে দক্ষিণের এ উপকূলীয় জনপদ। ফলে জেগে ওঠা নতুন চর দেখে জনমনেও জেগে উঠেছে নতুন সম্ভাবনা।
ইতোমধ্যে ‘ঝোপখালী পাখির চর’ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খন্দকার নাজমুল হুদা শামিম। যুগ্ম সচিব খন্দকার নাজমুল হুদা শামিম ঝোপখালী পাখির চরকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র গড়ে তুলতে তিনি সহযোগিতা করার আশ্বাস দেন।
স্থানীয়রা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দক্ষিণের উপকূলীয় জেলার এ চরের প্রকৃতি দেখে মুগ্ধ হবেন যেকোনো ভ্রমণপিয়াসী পর্যটক।
এ বিষয়ে পরিবেশকর্মী ও পর্যটন উদ্যোক্তা আরিফুর রহমান বলেন, আমাদের নদীমাতৃক বরগুনা জেলার যে দ্বীপ চরগুলো আছে, সেখানে দেখা যায়Ñ শীতকালীন অনেক অতিথি পাখি ও দেশীয় পাখি এসে আশ্রয় নেয়। এ পাখির চরে বালিহাঁস, বক, মদনটাকসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বেতাগী উপজেলার সাধারণ সম্পাদক মহসীন খান বলেন, অবকাঠামো গড়ে উঠবে। এ থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতে পারে। এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, ঝোপখালী পাখির চর আসলে যেখানে পাখি বসে আপাতত সেখানে আমরা কোনো স্থাপনা করতে যাচ্ছি না, কারণ ওখানে মানুষ গেলে জায়গাটা নষ্ট করে ফেলবে।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, ঝোপখালী পাখির চরকে অভয় আশ্রম করতে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় একটি পর্যটন কমিটি গঠন করা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে পাখির চরকে অভয় আশ্রম করার।
জানা গেছে, এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে বেতাগী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই চরের নামকরণের ফলক ও জাতীয় পতাকা উড়িয়ে চরটির শুভসূচনা করা হয়। আরও আগে ২০২১ সালে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ট্রলারে বিষখালী নদীর ঝোপখালী মোহনায় জেগে ওঠা ওই চরটি আবিষ্কার করেন।