লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১৫:৫২ পিএম
পাটগ্রাম সীমান্তে সোমবার বিএসএফের গুলিতে আহত মিজানুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে এসেছে।
উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস এর প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মফিজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গাটিয়ার ভিটা এলাকায় মো. মিজানুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে।
গুলি মিজানুর রহমানের কাঁধে আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর স্থানীয় এলাকাবাসী শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে এসেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, স্থানীয় এক কৃষক সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার কাঁধে গুলিবিদ্ধ হয়। তিনি বর্তমানে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, এ ঘটনার পর স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে নিয়ে আসে। তিনি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।