আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১১:৫৩ এএম
আমতলী থানা পুলিশ মৃধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের এক খাদেম নিহত হয়েছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদেম মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলে, খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন থেকে প্রায়ই শিক্ষার্থীদের জন্য সহায়তা দেওয়া হয়।
সড়কে পড়ে থাকা সেই সহায়তার টাকা সংগ্রহ করতেন খাদেমরা। ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা টাকা তুলতে গেলে এই দুর্ঘটনার শিকার হন।
এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিকট শব্দ শুনে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অপর খাদেম মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।
মেডিক্যাল অফিসার ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।