বগুড়া অফিস
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ০৯:০০ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ০৯:০১ এএম
নিহত যুবক রবিন হোসেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ায় রবিন হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের একটি দল। শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, রবিনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে মোট চারটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সেই ঘটনার জেরে রবিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এর আগেও তাকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে।
ঘটনার দিন রাতে ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানে আতা ফল পাড়া নিয়ে কয়েকজনের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে ৪ থেকে ৫ জন যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। এর পর সেখানে তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ভাঙা হকিস্টিকের অংশ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী বলেন, নিহত ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।