ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ২১:২৭ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুইজনকে দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি মেহেদী।
নিহতরা হলেন—বাগানমাঠ গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) এবং একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে কৃষক রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। এ সময় সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করা তার চাচাতো ভাগ্নে নুর আলম বাবু ঘটনাটি দেখে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
একই গ্রামের কৃষক আসাদুল ইসলাম জানান, তিনি অন্য মাঠে কাজ করছিলেন। হঠাৎ লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে দেখেন, দুইজনের মরদেহ পড়ে আছে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন, “মাঠে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত ওই তার শরীরে স্পর্শ করলে রফিকুল সরকার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে নুর আলম বাবুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান”।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, সেচ পাম্পের লিকেজ থাকা বিদ্যুতের তারে স্পর্শ করায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।