নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৭:২৮ পিএম
অভিযুক্ত আহমেদ হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া এক বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রাকিবা আক্তার (১৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে হয়েছে। এ ঘটনায় হাসপাতাল ভাঙচুর করেছে তার স্বজনরা।
জেলার নবীনগরে আহমেদ হাসপাতালে শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন।
নিহত রাকিবা আক্তার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবা আক্তারকে আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজারিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেয়। পরে গাইনী চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামানের নের্তৃত্বে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
প্রসূতির বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, “আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। ডাক্তাররা হঠাৎ করে সিজারের কথা বলেন। পরে আমার নাতি জন্ম নিলেও মেয়েকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। এরপর কুমিল্লা নেওয়ার কথা বলা হয়। তখন আমার সন্দেহ হয়। পরে মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে”।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রসূতির মা রেহেনা আক্তার বলেন, “আমরা নরমাল ডেলিভারির জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমার সুস্থ মেয়েকে ওটিতে নিয়ে যায়। পরে গিয়ে দেখি আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে”।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে প্রসূতির স্বজনদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে।
এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে”।