ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১২:৪৭ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগের চিকৎসা নিতে আসা রোগীদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের কোনো রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়নি। তবে লক্ষণ ও সন্দেহের ভিত্তিতে ৮ জন শিশুর রক্ত পরীক্ষার জন্য ঢাকার ইপিআই ভবনে পাঠানো হয়েছে। এদের মধ্যে মাহির হোসেন (৫) নামে এক শিশুর রিপোর্ট পাওয়া গেছে, যা নেগেটিভ এসেছে।
মাহির হোসেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে অসুস্থ হলে গত ২৬ মার্চ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা হামের লক্ষণ সন্দেহ করে তার রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠান।
৩০ মার্চ পরীক্ষার ফলাফলে জানা যায়, সে হামে আক্রান্ত নয়। তবে একই দিনে আরও ৭ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো তাদের রিপোর্ট পাওয়া যায়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে লক্ষণ ও অনুমানের ভিত্তিতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, এখন পর্যন্ত হামে আক্রান্ত কোনো শিশুর পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি।
তিনি বলেন, যেসব শিশু আসছে তাদের মধ্যে হামের লক্ষণ সন্দেহ হলে নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো পজিটিভ রিপোর্ট না আসায় এলাকাকে আপাতত হামমুক্ত বলা গেলেও সতর্কতা বজায় রাখা হচ্ছে।
ফুলবাড়ীতে হামের পরীক্ষা করার স্থানীয় ব্যবস্থা না থাকায় লক্ষণভিত্তিক চিকিৎসার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে রোগ শনাক্তে বিলম্ব হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।