বগুড়া অফিস
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১২:২০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ১২:২২ পিএম
বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে রবিবার সকাল ১০টায় আয়োজিত এক মতবিনিময় সভায় কেউ যেন ভোট কারচুপি বা দুই নম্বরি ভোটের চিন্তাও না করে—এমন হুঁশিয়ারি নির্বাচন কমিশনার আবু ফজল মো. সানাউল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশে কেউ যেন কারচুপি বা দুই নম্বরি ভোটের চিন্তাও না করে—এমন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে রবিবার সকাল ১০টায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সভায় আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপনির্বাচন বলে ছোট করে দেখার সুযোগ নেই
নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং সংঘাত-রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে।
উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এই নির্বাচনকেও কমিশন সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করছে।
দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, অতীতে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছিল, যা কাম্য নয়।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্য মোতায়েন
নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হবে।
এর পাশাপাশি অস্ত্রসহ তিনজন আনসার সদস্য এবং অস্ত্রবিহীন আরও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। বর্তমানে চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে, যা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।
কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।