চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ২০:৫১ পিএম
বইমেলায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।
বইমেলা সাহিত্যের বিশাল সমাবেশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, যেখানে লেখক ও পাঠকরা শব্দ এবং জ্ঞানের উদযাপনে মিলিত হন। উন্নত বিশ্বের দেশগুলোতে এখনো মানুষ বই পড়ার অভ্যাস ধরে রেখেছে। উদাহরণ হিসেবে জাপানের কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে ট্রেন বাসেও মানুষকে বই পড়তে দেখা যায়। তাই আমাদেরও বইয়ের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ১৯ দিনব্যাপি বইমেলার ৫ম দিনে ‘চট্টগ্রামের উন্নয়ন, নগরবাসীর চাহিদা ও জনপ্রতিনিধির দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী মেহেদী হাসান ও জান্নাতুল ফেরদৌস সুমি সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চসিকের হাতেখড়ি স্কুলের শিক্ষার্থীরা।
সভায় আবু সুফিয়ান শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের আরও বেশি পড়াশোনা করা প্রয়োজন। শিক্ষার মান দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে, যা আমাদের জন্য চিন্তার বিষয়।
তিনি বলেন, বইমেলা মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং নতুন বই ও লেখকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলা বইয়ের সঙ্গে মানুষের পুনঃসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন একটি আপেক্ষিক বিষয় এবং মানুষের চাহিদা অনুযায়ী তা পরিবর্তিত হয়। জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। আমরা ক্ষমতা নয়, দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করতে চাই।
তিনি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মঞ্চ
ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক হারুন জামানের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট
রাজনীতিবিদ আলহাজ এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন
লিপু। নাহিদা নাজুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাশেদ ইবনে
ফরিদ চৌধুরী। বক্তব্য রাখেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাব উদ্দিন হাসান বাবু,
চসিকের সমাজ কল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ মামুন।