অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ২২:৩১ পিএম
সংঘর্ষের সময় ‘ঢাকা বিরিয়ানি হাউজ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করা হয়। এছাড়া বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সদর উপজেলার মোস্তফাপুরে শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের প্রভাবে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে শাহীন হাওলাদারের মোবাইলের দোকান ও রাকিবুল ইসলামের ‘ঢাকা বিরিয়ানি হাউজ’সহ বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একই সময়ে শাহীন ঢালি নামের এক ব্যবসায়ীর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে আহত অন্তত ছয়জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইদ্রিস হাওলাদার ও সামচু সরদার আত্নগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।