এনায়েতুর রহমান, পটুয়াখালী
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৯ পিএম
পটুয়াখালীতে কোটি টাকার নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো বন্ধ অবস্থায় পড়ে আছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭টি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র জনবল সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কেন্দ্রগুলোতে আধুনিক ভবন, শয্যা, অপারেশন থিয়েটার এবং সিজারিয়ানসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকলেও কার্যক্রম শুরু করা যায়নি। এতে সরকারি বিনিয়োগ অলস পড়ে রয়েছে।
জানা গেছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসব কেন্দ্র নির্মাণ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাছে হস্তান্তর করে।
তবে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না হওয়ায় কেন্দ্রগুলো আজও তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
সদর উপজেলার ভায়লা, বাউফল, গলাচিপা ও মির্জাগঞ্জসহ বিভিন্ন এলাকায় এসব কেন্দ্র নির্মিত হলেও সেবা কার্যক্রম শুরু হয়নি।
স্থানীয়রা জানান, চিকিৎসা না পেয়ে প্রায় ১০ কিলোমিটার দূরের শহরে যেতে হচ্ছে, এতে ভোগান্তি বাড়ছে।
ভায়লা কেন্দ্রের পাশে থাকা স্থানীয় বাসিন্দারা বলেন, ভবন নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
একজন স্থানীয় বাসিন্দা জানান, জমিদাতার উদ্যোগে নির্মিত কেন্দ্রটি জনগণের জন্য হলেও এখন তা ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে।
স্থানীয়রা দ্রুত জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রগুলো চালুর দাবি জানিয়েছেন, যাতে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সহজে পাওয়া যায়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, কেন্দ্রগুলো হস্তান্তর করা হলেও জনবল না থাকায় কার্যক্রম শুরু সম্ভব হয়নি।
তিনি বলেন, বিষয়টি নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে এবং সমাধানের অপেক্ষায় রয়েছে।