সেন্টমার্টিন (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ০৮:৫৩ এএম
সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন আকাশে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যাওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, সীমান্ত পর্যবেক্ষণের উদ্দেশ্যে মিয়ানমারের দিক থেকে ড্রোনগুলো পরিচালিত হয়ে থাকতে পারে।
দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়ে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সন্ধ্যায় জেটির পূর্ব দিকে আকাশে দুটি ড্রোন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে।
তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হিসেবেও ড্রোনগুলো ব্যবহৃত হতে পারে।
এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
দ্বীপের বাসিন্দা জেলে মোহাম্মদ আজিম বলেন, সন্ধ্যার আকাশে ড্রোন উড়তে দেখে অনেক মানুষ জড়ো হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ছে। এর মধ্যে ড্রোনের উপস্থিতি বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।
তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।