জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২১:৪১ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬ ২১:৪১ পিএম
জয়পুরহাটের সদর উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটে পেট্রোল পাম্পের বাৎসরিক ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলার কয়েকটি এলাকায় বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো: আসাদুজ্জামান।
বিএসটিআই সূত্রে জানা গেছে, সদর উপজেলার পুরানাপৈল এলাকার আরাফাত ফিলিং স্টেশন বাৎসরিক ভেরিফিকেশন সার্টিফিকেট ছাড়াই তেল বিক্রি ও বিতরণ করে আসছিল।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় শহরের রেলগেট এলাকার রাজলক্ষ্মী ট্রেডার্সকে ৮ হাজার টাকা এবং থানা রোডের চৌধুরী এলপিজিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক জহুরুল হক জানিয়েছেন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।