লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৬:১৬ পিএম
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরে একটি ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামক একটি ইটভাটায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুবলে (৩০) ও আলাউদ্দিন (৩৫)। রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের সেলিমের পুত্র। নিহত অন্যজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আলা উদ্দিন নামে ইটভাটার একজন শ্রমিক জানান, ভুক্তভোগী দুজনই ইট ভাটার লোড-আনলোডের কাজ করতেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে থাকা টিনসেট ঘরে বিশ্রাম নিতে গেলে ওই ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘরে শর্ট সার্কিট হয়। এতে ওই দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার দোলন আক্তার বলেন, “দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে”।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে”।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে”।