মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৫:২০ পিএম
মিঠাপুকুরে বাসচাপায় এক মোটরসাইকেলআরোহী নিহত হন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এই ঘটনায় মোটরসাইকেলে থাকা ফাতেমা বেগম (৬০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
উপজেলার গড়ের মাথায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার বামনডাঙ্গা উপজেলার রামভদ্র গ্রামে বলে জানা গেছে।
তবে নিহত আনিসুর রহমান ও আহত ফাতেমা বেগমের মধ্যে পারিবারিক সম্পর্ক কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা আরোহী ফাতেমা বেগম মোটরসাইকেলযোগে রংপুর থেকে আসছিলেন। তারা মহাসড়কের গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির নাবিল পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসের চাকায় আনিসুর রহমানের মাথা পিষ্ট হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত ফাতেমা বেগমকে উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে সেটিকে তৎক্ষণাৎ আটক করা সম্ভব হয়নি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবারকে পাঠানো হয়েছে।