শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩৭ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩৮ পিএম
স্ত্রী-সন্তানের আগমনে প্রতারণা ফাঁস , পালালেন ‘সুমি’ পরিচয়ের দেলোয়ার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা দেলোয়ার হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে হিজড়া সেজে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছেন—এমন অভিযোগ উঠে এসেছে।
চাঁদপুরের শাহরাস্তিতে বুধবার তার স্ত্রী নাছিমা বেগম দুই সন্তান নিয়ে হাজির হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা যায়, বাচনভঙ্গি ও আচরণে হিজড়াদের মতো করে দেলোয়ার প্রথমে কুমিল্লা সদর, লাকসাম ও নাথেরপেটুয়া এলাকায় হিজড়া সেজে অর্থ উপার্জন করতেন। পরবর্তীতে তার পরিচয় হয় শাহরাস্তি উপজেলার তৃতীয় লিঙ্গের সর্দার রাণী ময়নার সঙ্গে। সেখানে তিনি ‘সুমি’ নাম পরিচয়ে প্রায় সাত বছর ধরে বসবাস করে আসছিলেন।
দেলোয়ারের স্ত্রী নাছিমা বেগম দাবি করেন, “যাকে সবাই সুমি হিজড়া নামে চেনে, তিনি আমার স্বামী দেলোয়ার হোসেন। তিনি আমাদের কোনো খোঁজখবর নেন না।
“তিন সন্তান নিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি। তার সন্ধান পেয়ে এখানে এসেছি।”
এ বিষয়ে রাণী ময়না জানান, দেলোয়ারকে তিনি ‘সুমি’ হিজড়া হিসেবেই চিনতেন এবং তার প্রতারণার বিষয়ে কিছুই জানতেন না। প্রায় সাত বছর আগে পরিচয়ের পর তিনি তাকে শাহরাস্তিতে নিয়ে আসেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দেলোয়ার শাহরাস্তি পৌরসভার শ্রীপুর গ্রামে ভাড়া বাসায় কয়েকজন হিজড়ার সঙ্গে বসবাস করতেন। তবে স্ত্রীর উপস্থিতির খবর পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এই ধরনের প্রতারণার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।