মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৯:২৯ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ২০:০৬ পিএম
অভিযুক্ত কিশোরগঞ্জের বৈশাখী ফিলিং স্টেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী ফিলিং নামের একটি স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাসের স্বাক্ষরিত এক আদেশে বুধবার দুপুরে অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এর আগে সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের বিরুদ্ধে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ করেন ভোক্তারা।
আরো পড়ুন: অবৈধভাবে জ্বালানি মজুত : উদ্ধার ২ লাখ লিটার, মামলা ১,০৫৩
ভোক্তারা জানান, মিশ্রিত জ্বালানি নেওয়ার পর অনেক মোটরসাইকেল চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ চালকরা ফিলিং স্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে কর্তৃপক্ষ সেখান থেকে সরে যায়। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের উদ্যোগ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় থেকে জানা গেছে, কমিটিতে উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশকে সদস্য করা হয়েছে। এছাড়া তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপন দাস বলেন, “অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে”।