কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৮:১৩ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ১৮:২১ পিএম
সিলেটের মৌলভীবাজারে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো— পূর্ব ফটিগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭)। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রমজান আলী জানান, বুধবার দুপুরে এলাকায় কালবৈশাখী ঝড়ের সাথে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ফলে বাড়ির পাশের ডোবায় পানি জমে যায়। বৃষ্টির পর বাচ্চারা ওই ডোবায় খেলতে নামে। এর কিছুক্ষণ পরেই পথচারীরা ডোবায় তাদেরকে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুজ্জামান মোল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।