মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৭:২৯ পিএম
নিহত দুই শিশু তাইব ও তাহমিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে তাইব (৫) ও তাহমিদ (৫) নামের যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।
জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় বুধবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইব ও তাহমিদ একই গ্রামের মো. আকাশ শেখের সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান।
নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিক্সের দোকানে কাজ করতে যান। হঠাৎ করে তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন ট্রেনের নিচে চাপা পড়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।