শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৮:২৩ পিএম
শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করা হয়। একই সময় শব্দদূষণ রোধে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ট্রাক চালককে জরিমানা করা হয়েছে।
জেলা শহরের গৌরীপুর এলাকায় সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন যানবাহন থেকে ৯টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে ৫ চালকের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করা হয়। এসব মামলায় তাদের মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।
সুশীল কুমার দাস বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব হর্ন ব্যবহারের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করে।