খুলনা অফিস
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:২৭ পিএম
খুলনা মহানগরীতে জ্বালানি তেলের মাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর বিভিন্ন এলাকায় রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা মহানগরীতে জ্বালানি তেলের মাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নগরীর বিভিন্ন এলাকায় রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানটি নগরীর গল্লামারী এলাকা থেকে শুরু হয়ে জিরোপয়েন্ট হয়ে আড়ংঘাটা পর্যন্ত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হোসেন। অভিযানে কারিগরি সহায়তা দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং আইনশৃঙ্খলায় নিয়োজিত ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ফিলিং স্টেশনের তেলের মজুত, সরবরাহ ব্যবস্থা এবং স্টক রেজিস্টার যাচাই করেন। এ সময় নগরীর খাঁনজাহান আলী বাইপাস সড়কে অবস্থিত আকন ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। বিএসটিআই-এর পরিমাপ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেলে প্রায় ৮২০ গ্রাম পর্যন্ত তেল কম দেওয়া হচ্ছে।
ওজন ও মানদণ্ড পরিমাপ আইন-২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হোসেন বলেন, “ভোক্তা অধিকার সুরক্ষা এবং জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।