বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৯:২৬ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে জমজ দুই সহোদরের শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে রবিবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আলী ও অলী (৪) পাশ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, শিশু দুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।