খুলনা অফিস
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৯:২৬ পিএম
ঢাকা অভিমুখী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে রবিবার সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার আফিলগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার আরোহী চারজন আহত হয়েছেন।
ঢাকা অভিমুখী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে রবিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন— অমিত (২০), সামি (২১), মিম (২২)। তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে অমিত ও সামিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম এসব তথ্য জানিয়েছেন।
প্রত্যাক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মসিয়ালী এলাকায় ক্রিকেট প্র্যাকটিস শেষে প্রাইভেটকারে শিরোমনি এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন ওই চার যুবক। পথে আফিলগেটের একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
ওসি বলেন, “দুর্ঘটনার সঠিক কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে”।