রাজশাহী অফিস
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৯:১২ পিএম
রাজশাহী মহানগর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে রাসিক প্রসাশনের কর্মকর্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী মহানগর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রবিবার নগরীর আমীরপুর ও বিষপুর ফেরিঘাট এলাকা সরেজমিন পরিদর্শন করেন রাসিক সচিব সোহেল রানা।
পরিদর্শনকালে সচিব ফেরিঘাটের ইজারাদার, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, ফেরিঘাটে নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাটে টোল চার্ট না থাকায় দ্রুততম সময়ের মধ্যে তা প্রদর্শনের নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সচিব সোহেল রানা জানান, সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া ঘাটগুলো থেকে চর মাঝারদিয়া ও খানপুরসহ ওপার থেকে আসা যাত্রীদের পারাপারে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায়নি। তবে ঈদ উপলক্ষে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে ব্যক্তিমালিকানাধীন কিছু নৌকায় ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও উল্লেখ করেন, “ব্যক্তিমালিকানাধীন এসব নৌকা সিটি কর্পোরেশনের ইজারাভুক্ত বা সরাসরি আওতাধীন নয়। তবে জনস্বার্থে ও পর্যটকদের নিরাপত্তায় আমরা নৌকা মালিকদের সতর্ক করেছি। ভবিষ্যতে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এসব নৌকাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবহিত করা হবে।”
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে রাসিকের এই তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।