চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৪:০৯ পিএম
বাংলা সাহিত্য ও সংগীতের আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক নাম, যিনি বাঙালির প্রতিটি অনুভূতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন—ভালোবাসা, আনন্দ, কষ্ট কিংবা অভিমান—সবখানেই তাঁর উপস্থিতি অনুভূত হয়। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
‘রবিরশ্মি’ চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ‘প্রেমে ধন্য কর’ শীর্ষক এক মনোজ্ঞ রবীন্দ্রসংগীত সন্ধ্যা ও আলোচনা সভা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাব্বির ইকবাল বলেন, “রবীন্দ্রনাথ আমাদের প্রতিটি অনুভূতির সঙ্গেই জড়িয়ে আছেন। আনন্দ, বেদনা, অভিমান—সবকিছুর ভাষা আমরা তাঁর লেখনী থেকেই খুঁজে পাই। তিনি একজন বিশুদ্ধ কবি। তিনি যতটা না অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন, তার চেয়েও বেশি লিখেছেন নিজের অন্তর্দহন ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটাতে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রবিরশ্মির প্রতিষ্ঠাতা ও পরিচালক, দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিরশ্মি চট্টগ্রাম শাখার সভাপতি সংগীতশিল্পী প্রণব কুমার সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ এবং কবি ও সংগীত বিশারদ স্বপন কুমার দাশ।
অনুষ্ঠানে রবিরশ্মির ঢাকা ও চট্টগ্রাম শাখার শিল্পীদের পাশাপাশি গীতধ্বনি সংগীত অঙ্গন, বোধন আবৃত্তি পরিষদ এবং সৃষ্টি কালচারাল ইনস্টিটিউটের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংগীতপ্রেমী দর্শক-শ্রোতার উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উপভোগ্য। রবীন্দ্রসংগীতের সুরে সুরে এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি হয়, যা উপস্থিত সবার মনে গভীর ছাপ ফেলে।