গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১৪:৫১ পিএম
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারীসহ দুইজন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ অজ্ঞাত এক বৃদ্ধের নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে।
নিহত নারীর পরিচয় জানা গেলেও অজ্ঞাত ওই পুরুষের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
নিহত নারী সাহেদা বেগম (৬৫) প্রায় দুই সপ্তাহ আগে গাজীপুরের হরিনহাটি এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সাহেদা বেগম বাসা থেকে জিরানীতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় গাজীপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
অন্যদিকে, একই দিন ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা খাড়াজোড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাত উল আলম জানান, পৃথক দুটি স্থান থেকে নারীসহ এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নারীর পরিচয় নিশ্চিত করা গেলেও অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।