কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৯:১১ পিএম
নিহত মেহেদী হাসান আবিব। ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবিব (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝা-মাঝি এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মূমুর্ষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে দায়িত্বরত কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম।
নিহত মেহেদী হাসান আবিদ, বান্দরবানের আজিজনগরের গায়নাকাটা এলাকার বাসিন্দা। তবে তার পিতার নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।
আবিদের সঙ্গে ভ্রমণে আসা মোহাম্মদ আরিফ জানিয়েছেন, তারা ৪ বন্ধু, সকলেই চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের দোকানের কর্মচারী। বৃহস্পতিবার সকালে ৪ জন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। অপর দুইজন হলেন মোহাম্ম্মদ তানজিম ও রিপন।
আরিফ জানান, দুপুর আড়াইটার দিকে সৈকতের গোসল করতে নামেন তারা। এক পর্যায়ে আবিদ স্রোতের টানে নিখোঁজ হন। বিষয়টি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড কর্মীদের জানানো হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে সৈকতের পানিতে মুমুর্ষাবস্থায় পাওয়া যায় আবিদকে।
কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম জানান, আবিদকে মুমুর্ষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা নিবেন।