প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৮:৪৩ পিএম
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে পড়ে আছে যাত্রী ব্যাগগুলো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনার পর উদ্ধার হওয়া যাত্রীদের ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী এখন নৌ পুলিশ ফাঁড়ির বারান্দায় সারিবদ্ধভাবে পড়ে আছে। প্রতিটি ব্যাগ যেন থেমে যাওয়া একেকটি যাত্রার নিঃশব্দ সাক্ষী। কারও জীবনের প্রয়োজনীয় নথি, কারও কষ্টার্জিত সঞ্চয়, আবার কারও স্মৃতি বহন করা শেষ সম্বল।
দৌলতদিয়া ফেরিঘাটে বুধবার বিকেলে ঘটে যাওয়া ভয়াবহ বাসডুবির ঘটনায় উদ্ধার হওয়া সৌহার্দ্য পরিবহনের বাস থেকে যাত্রীদের ফেলে যাওয়া মালামাল সংগ্রহ করে নৌ পুলিশ। পরে সেগুলো দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে এনে প্রমাণসাপেক্ষে সংরক্ষণ করা হয়। দুর্ঘটনার পর থেকে এসব ব্যাগ মালিকদের খোঁজে অপেক্ষা করছে ফাঁড়ির বারান্দায়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চারজন যাত্রী তাদের ব্যাগ বুঝে নিয়েছেন। তবে এখনো বহু ব্যাগ পড়ে আছে অরক্ষিতভাবে, কিছু ব্যাগের মালিক এখনো জানেন না তাদের জিনিস কোথায় আছে, আবার কারও ক্ষেত্রে সেটিই হয়তো আর না ফেরার গল্প।
নৌ পুলিশ জানিয়েছে, উদ্ধার করা প্রতিটি ব্যাগ যাচাই-বাছাই করে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। মালিকানা নিশ্চিত হওয়ার পরই কেবল এসব ব্যাগ হস্তান্তর করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা জটিলতা সৃষ্টি না হয়।
ব্যাগ বুঝে পাওয়া যাত্রী আবুল কালাম বলেন, “খবর পেয়ে এখানে আসি। আমার ব্যাগটি পেয়েছি। ভেতরে টাকা ও কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ছিল। সবই পেয়েছি, তবে পানিতে ভিজে গেছে। এখন শুকাতে হবে”।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সন্ধ্যা ৬টা পর্যন্ত চারটি ব্যাগ হস্তান্তর করা হয়েছে। আরও কিছু ব্যাগ ফাঁড়িতে সংরক্ষিত আছে। প্রমাণসহ মালিকানা নিশ্চিত হলে সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে”।
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিখোঁজ ও আহত যাত্রীদের তালিকা সংগ্রহ এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের কাজ চলছে। যেসব ব্যাগ এখনো দাবিহীন অবস্থায় আছে, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হবে এবং মালিক শনাক্ত হলে হস্তান্তর করা হবে।
ফাঁড়ির বারান্দায় পড়ে থাকা ব্যাগগুলো যেন এখনো সেই দুর্ঘটনারই নীরব প্রতিচ্ছবি। কোনো ব্যাগের চেইন আধখোলা, কোনোটা কাদামাখা, আবার কোনোটা পানিতে ভিজে ভারী হয়ে পড়ে আছে।
এদিকে আজকের জন্য উদ্ধার অভিযান শেষ ঘোসণা করেছে ফায়ার সার্ভিস। আগামীকাল সকাল ৮ টা থেকে আবারও অভিযান কার্যক্রম শুরু হবে।