মেহেদী হাসান রনি, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৭:২৩ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬ ১৭:৩৫ পিএম
নিহত জাবি শিক্ষার্থী রাইয়ান, তার ভাগ্নে তাজবীর ও তার মা রেহেনা আক্তারকে পাশাপাশি দাফন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাসের ২৬ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজবাড়ী পৌর এলাকার একই পরিবারের নিহত তিন জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রাজবাড়ী পৌরসভার ভবানীপুর কবরস্থানে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পাশাপাশি দাফন করা হয়।
| আরো পড়ুন: দৌলতদিয়ায় বাসডুবি: শিশুসহ ২৬ মরদেহ উদ্ধার, অভিযান চলমান |
নিহতরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আহনাফ রাইয়ান (২৫), তার ভাগ্নে তাজবীর (৭) ও তার মা রেহেনা আক্তার (৬১) কে পাশাপাশি দাফন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় ভবানীপুর লাল মিয়া সড়কে দুইটি জানাজা ও রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে একটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নিহত রায়হানের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আত্মীয়স্বজনসহ জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। জানাজার নামাজের ইমামতি করেন জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন আব্বাসী ও কোর্ট মসজিদের ইমাম হাফেজ শহিদুল ইসলাম।
রেহেনা আক্তার রাজবাড়ী পৌরসভার ভবানীপুর ৮নং ওয়ার্ড লালমিয়া সড়ক এলাকার মৃত মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী। রেহেনা আক্তারের নাতি রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কেবিএম মুসাব্বির ও ডা. ইশরাত জাহান রুবার ছেলে।
নিহত আহনাফ রায়হানের বন্ধুরা বলেন, “একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আল্লাহ তাদের পরিবারকে এই শোক সইবার তৌফিক দিক”।