কাজল বরন দাস, পটুয়াখালী
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৬:৪০ পিএম
ডুবে যাওয়া ট্রালার উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: ভিডিও থেকে
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাঙাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে রেজাউল করীম (২৮) ও একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে নাছির ফকির (৪২)। তারা দুজনই পেশায় শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন তরমুজ চাষী রাঙাবালী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীর দিকে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারার কারণে তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠেন।
স্থানীয়রা জানান, নদীতে ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক ট্রলারটিকে দেখতে না পাড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন বলেন, “দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।