হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২০:২১ পিএম
গরুর গাড়িতে বরযাত্রা আয়োজন ঝিনাইদহের কালীগঞ্জের এক পরিবার। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন যেন ফিরিয়ে আনল গ্রামীণ বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের রঙ। আধুনিকতার ভিড়ে যখন বিয়ের শোভাযাত্রা মানেই ঝলমলে গাড়ির বহর, তখন গরুর গাড়িতে বরযাত্রা আয়োজন করে এক পরিবার তৈরি করেছে ভিন্ন এক দৃষ্টান্ত।
ঈদের তৃতীয় দিনে সোমবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াসলুয়া গ্রামে অনুষ্ঠিত এই বিয়েতে বর মেহেদী হাসানকে নিয়ে সাজানো সাতটি গরুর গাড়ির বহর রওনা হয় কনের বাড়ির উদ্দেশ্যে। স্বল্প দূরত্ব হলেও ঐতিহ্যকে প্রাধান্য দিতে এই আয়োজন ছিল পুরোপুরি পরিকল্পিত। রঙিন কাপড়, ফুল ও গ্রামীণ সাজে সজ্জিত গাড়িগুলো যেন গ্রামবাংলার পুরনো দিনের এক জীবন্ত চিত্র তুলে ধরে।
বর ও কনের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ হলেও, সেই স্বল্প দূরত্ব পাড়ি দিতেই বেছে নেওয়া হয় ঐতিহ্যবাহী গরুর গাড়ির বহর।
এ দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে ভিড় করেন নানা বয়সী মানুষ। কারও কাছে এটি ছিল নতুন অভিজ্ঞতা, আবার অনেকের মনে জাগিয়ে তোলে শৈশবের স্মৃতি।
বর মেহেদী হাসান বলেন, “কাছাকাছি বিয়ে হওয়ায় তারা ভেবেছিলেন একটু ভিন্নভাবে আয়োজন করা যায়। সেই ভাবনা থেকেই গরুর গাড়ির এই উদ্যোগ, যা একই সঙ্গে ঐতিহ্য ধরে রাখার একটি চেষ্টা”।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন শুধু একটি বিয়ে নয়—এটি গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণের এক সুন্দর উদাহরণ। আধুনিকতার মাঝেও যে ঐতিহ্যের প্রতি মানুষের টান অটুট রয়েছে, তারই প্রমাণ মিলেছে এই ব্যতিক্রমী বরযাত্রায়।
সব মিলিয়ে, এই আয়োজন যেন নতুন প্রজন্মকে জানিয়ে দিল—আড়ম্বর নয়, কখনো কখনো সরল ঐতিহ্যই সবচেয়ে বড় আনন্দের উৎস।