সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৫:০৯ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১৫:০৯ পিএম
প্রতীকী ছবি
সাতক্ষীরার কালীগঞ্জে নানার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসে মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—কালীগঞ্জ উপজেলার পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) এবং পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এবং জান্নাতুল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে রবিবার সকালে তারা সন্ন্যাসীর চক গ্রামে তাদের নানা আবদুল আজিজের বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়।
দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ঘেরের পানিতে পড়ে যায়।