রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৪:৫২ পিএম
ধর্ষণের অভিযোগে রূপগঞ্জের দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে সোমবার রাত প্রায় ১১টার দিকে দিঘীবরাব এলাকার আফজাল খান এবং একই এলাকার আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে সোমবার রাত প্রায় ১১টার দিকে অভিযুক্তদের আটক করা হয়। এর আগে একই দিন ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দিঘীবরাব এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান এবং একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযুক্তরা গভীর রাতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় ভুক্তভোগীর স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভুক্তভোগী নারী, তার স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যার হুমকি দেয়। পরে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস এবং পরবর্তীতে আফজাল খান ওই গৃহবধূকে ধর্ষণ করে।
ঘটনার পর অভিযুক্তরা ঘর থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এরই মধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে এবং ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।