× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ট্রোক নাকি দুর্বৃত্তদের হামলা, এএসআইয়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ০৯:১১ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১২:৩০ পিএম

এএসআই রূপম কান্তি দেকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

এএসআই রূপম কান্তি দেকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই রূপম কান্তি দের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্ট্রোক নাকি অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় মৃত্যু—এ নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। তবে পরে পুলিশ জানায়, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে ‘হামলা’

স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা দাবি করেন, সোমবার সন্ধ্যায় হারবাং বাসস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল পুলিশ। এ সময় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায় এবং এতে এএসআই রূপম গুরুতর আহত হন।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের আরেকটি বক্তব্য অনুযায়ী, পরোয়ানাভুক্ত আসামি জুনাইদ নামে এক যুবলীগ কর্মীকে ধরতে অভিযান চালানো হয়। এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে রূপম হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলেও অভিযোগ রয়েছে। ঘটনার সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে চকরিয়া থানার ওসি মনির হোসেন এ দাবি নাকচ করে বলেন, “পুলিশ কোনো আসামি ধরতে যায়নি। একটি দোকানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান।”

স্ট্রোকের দাবি পুলিশের

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান জানান, রূপম কান্তি দে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোকজনিত কারণে স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক জায়নুল আবেদীন বলেন, হাসপাতালে আনার সময়ই তিনি মৃত ছিলেন এবং শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। অতীতে তিনি একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হন এবং তার হার্টে রিং বসানো হয়েছিল।

নিহতের স্বজন ঝুলন দত্ত জানান, এটি তার তৃতীয় স্ট্রোক।

এদিকে ঘটনার সময় উপস্থিত এসআই মোফাজ্জল হোসেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা