প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ২৩:১৮ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশার আনন্দমোড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের ধর্মপাশার আনন্দমোড় এলাকায় একটি বাস কাউন্টার থেকে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ধর্মপাশা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়া ৪৫০ টাকা হলেও যাত্রীদের জিম্মি করে ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আনন্দমোড় এলাকার ওই কাউন্টারটি থেকে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে। বিশেষ করে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের চাপকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ধর্মপাশা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য তিনি ওই কাউন্টারে দুটি টিকিট কাটতে গেলে তার কাছ থেকে ১৮০০ টাকা দাবি করা হয়। অথচ নিয়মিত ভাড়া অনুযায়ী দুটি টিকিটের মূল্য হওয়ার কথা ৯০০ টাকা। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে কাউন্টার সংশ্লিষ্টরা নানা অজুহাত দেখান এবং অনেক সময় টিকিট দিতে গড়িমসি করেন। ফলে নিরুপায় হয়ে বাড়তি টাকা দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
ভাড়া দ্বিগুণ নেওয়ার কারণ জানতে চাইলে কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই নৈরাজ্য চললেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিবহন খাতে শৃঙ্খলা ভেঙে পড়ছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায় বলেন, “ভাড়া বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে”।