খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৬:৫৪ পিএম
ঈদের টানা ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে পাহাড়কন্যা খাগড়াছড়িতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঈদের টানা ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে পাহাড়কন্যা খাগড়াছড়িতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। সবুজ পাহাড়, ঝর্ণা আর মেঘের লুকোচুরিতে মুগ্ধ ভ্রমণপিপাসুরা জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রকে উৎসবমুখর করে তুলেছেন।
জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র, রহস্যময় আলুটিলা গুহা, তেরাং তৈকালাই ঝর্ণা ও জেলা পরিষদ পার্কে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে আলুটিলা গুহার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পর্যটকদের দীর্ঘ লাইন দেখা গেছে। ঝর্ণার শীতল জল আর ঝুলন্ত সেতুর দোল পর্যটকদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
কুমিল্লা থেকে আসা মো. সজীব ও ফেনীর নীলাদ্রী বড়ুয়া জানান, যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে পাহাড়ের শান্ত পরিবেশ আর নির্মল বাতাস তাদের মুগ্ধ করেছে। পরিবারের সবাইকে নিয়ে এমন ভ্রমণ এক অসাধারণ স্মৃতি হয়ে থাকবে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্পটে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নিশাত রায় জানান, প্রত্যাশার চেয়েও বেশি পর্যটকের সমাগম হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। হর্টিকালচার পার্কের কর্মকর্তা কান্তি বিকাশ ত্রিপুরাও পর্যটকদের সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার কথা জানান।
এদিকে পর্যটকদের আগমনে জমজমাট হয়ে উঠেছে স্থানীয় হস্তশিল্পের দোকানগুলো। পাহাড়ের ঐতিহ্যবাহী কাপড় ও বাঁশ-বেতের তৈরি পণ্যের ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সব মিলিয়ে পাহাড়ের প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের আন্তরিকতায় খাগড়াছড়ি এখন এক প্রাণবন্ত উৎসবের নগরী।