× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুজানগরে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত অন্তত ১০

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৩:২০ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৬ ১৩:২৪ পিএম

সুজানগরে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে নিহত গৃহবধু চায়না খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুজানগরে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে নিহত গৃহবধু চায়না খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার সুজানগরে ‘আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন গুলিতে নিহত হয়েছেন চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর চায়না ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। 

সুজানগর সার্কেলের সহকারি পুলিশ সুপার সাদিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। দুই পক্ষের সমর্থকদের মধ্যে রবিবার দিবাগত রাতে মারামারি হয়। এ নিয়ে গত রাত থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

স্থানীয়দের কয়েকজন আরও জানায়, সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠি সোটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠি সোটা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। 

এ সময় গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তারা।

এ বিষয়ে ইসলাম প্রামাণিক বলেন, আমার ভাগ্নে ফরহাদ আওয়ামী লীগ সমর্থক ছিল। এজন্য রবিবার রাতে ভিটবিলা বাজারে তাকে মারধর করে রাজা গ্রুপের লোকজন। আমি খবর পেয়ে তখনি সেখানে গিয়ে ঘটনা শুনে তাদেরকে এ বিষয়ে মারামারি না করার অনুরোধ করি। কিন্তু তারা উল্টো আমার উপরও হামলা করে মারধর করে।

এ খবর পেয়ে আমার গ্রামের লোকজন জড়ো হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় মুরুব্বিদের সঙ্গে বসে আলোচনা করে এ বিষয়ে সমঝোতা করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও দাবি করেন, সকালে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজার গ্রুপের লোকজন লাঠিসোঠক অস্ত্র শস্ত্র নিয়ে রাজার নেতৃত্বে এসে অতর্কিত আমাদের গ্রামের লোকজনের ওপর গুলি ও হামলা চালায়।

এতে গুলিতে স্পটে মারা গেছে চায়না খাতুন। আরো ৮-১০ জন আহত হয়েছে, উল্লেখ করেন ইসলাম প্রামাণিক । তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

অভিযুক্ত বলেছেন ষড়যন্ত্র

অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার সময় আমি স্পটেও ছিলাম না। আমার এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে আসছি। এখানে আমার নাম জড়ানো ষড়যন্ত্রমূলক।

গুলিবর্ষণ হয়েছে কিনা বা গুলিতে চায়না খাতুন মারা গেছে কি না তা তিনি অবগত নন বলে উল্লেখ করে রাফিউল দাবি করেন, আমি শুনেছি চায়না খাতুন স্ট্রোক করে মারা গেছে। তবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।  

সাংবাদিকদের তিনি বলেন, আপনারা ভালো করে তদন্ত করে দেখেন আমি সেখানে ছিলাম কি না আমার নেতৃত্বে হামলা হয়েছে কি না। 

কী বলছেন ইউপি সদস্য হাবিবুর

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুই পক্ষই বিএনপি সমর্থক। ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পুর্বপাড়া এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে গতরাতে ঝামেলা হয় শুনেছি।

তিনি আরও জানান, ওই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া  বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়া এলাকার (ইসলাম গ্রুপের) লোকজন। 

লাঠি সোটা নিয়ে পশ্চিমপাড়ার লোকজন সোমবার সকালে পাহারা বসিয়ে পুর্বপাড়ার লোকদেরকে বাজারে যেতে না দিয়ে ফিরিয়ে দেয়। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের ওপর হামলা চালায় বলে জানান ইউপি সদস্য। 

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন. কোন বিষয়কে কেন্দ্র করে হামলার ঘটনা সে বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা