রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১২:২৮ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬ ১২:৩২ পিএম
সরফভাটা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোহাম্মদ ওসমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার সরফভাটা ইউনিয়নের গঞ্জম আলী সরকারের বাড়ি এলাকায় রবিবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, চারজনের একটি সশস্ত্র দল সরফভাটা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোহাম্মদ ওসমানের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে মোহাম্মদ ওসমানকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ও গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ ওসমানকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় ওসমানের মায়ের পায়ে গুলি লাগে এবং তার বাবাও আঘাতপ্রাপ্ত হন। তবে তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ওসমান গণির শরীরে একাধিক গুলি লেগেছে। এর মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর।
ঘটনার পরপরই পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান শুরু করেছে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।