বগুড়া অফিস
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ২১:৩৯ পিএম
প্রতীকি ছবি
বগুড়ার গাবতলীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর ইসলাম (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শাহিনুর ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তোজামের ছেলে। গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শাহিনুর ইসলাম বাড়ির পাশের একটি ডোবা থেকে সাবমার্সিবল পাম্পের সাহায্যে পানি সেচ করে মাছ ধরছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।