দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ২১:২০ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জের চর ডাকাতিয়া পাড়া গ্রামের মৃত দুই শিশুর দাফন সম্পন্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে প্রাণ হারানো পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার পৃথক সময়ে ও স্থানে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মৃত শিশুরা হলো— উপজেলার চর ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মিহাত (১৪); বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর গ্রামের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২); এবং পৌর শহরের বাদেশশারিয়া এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৬)।
এর আগে, ঈদের আনন্দ উপভোগ করতে শনিবার ঈদের দিন বিকেলে কাঠ ও ড্রামের তৈরি ভাসমান সেতুটিতে শত শত দর্শনার্থী ভিড় করেন। অতিরিক্ত মানুষের চাপে সেতুটি হঠাৎ উল্টে গেলে নারী ও শিশুসহ বহু দর্শনার্থী পানিতে পড়ে যান। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এই পাঁচ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় অভিযান শুরু করে। পরে মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।